রিজওয়ানা ও খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ আজ

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১০:০৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর মাধ্যমে জনমতকে প্রভাবিত করার অভিযোগে সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ মার্চ) জুমা’র নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত রায় পরিবর্তনের জন্য পরিকল্পিতভাবে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। দলটির নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজেই সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন যা প্রমাণ করে যে জামায়াতকে সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত করতে তারা কাজ করেছেন। তাহের তাকে এই ষড়যন্ত্রের ‘রাজসাক্ষী’ হিসেবে অভিহিত করেন।

সংবাদ সম্মেলনে ড. খলিলুর রহমানকে ‘লন্ডন ষড়যন্ত্রের হোতা’ আখ্যা দিয়ে জামায়াত নেতারা বলেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালীন নিরপেক্ষতার নীতি ভঙ্গ করে পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তার বিরুদ্ধে বিএনপিকে অনৈতিক সুবিধা দেওয়ার এবং নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ তুলেছে দলটি।

আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াত নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, অবিলম্বে এই দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে নির্বাচনের পেছনের ষড়যন্ত্র জাতির সামনে পরিষ্কার করতে হবে।

এর আগে বৃহস্পতিবার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

NB
আরও পড়ুন