আ.লীগকে প্রশ্রয়কারীদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে: পাটোয়ারী

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৯:২৮ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসার চেষ্টা করলে তার বিরুদ্ধে আবারও রাজপথে নামবেন তারা। তিনি দাবি করেন, দেশজুড়ে তারা ঐক্যবদ্ধ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে দৃঢ় অবস্থান বজায় রাখবেন।

রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং যারা দলটিকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে লড়াই চালানো হবে। এ সময় তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার প্রসঙ্গও উল্লেখ করেন।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কার্যক্রম নিয়ে বক্তব্যে পাটোয়ারী অভিযোগ করেন, সীমান্ত দিয়ে ‘পুশইন’-এর মতো ঘটনা ঘটছে। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতের নাগরিকদের বাংলাদেশি হিসেবে পাঠানো হচ্ছে।

তিনি উপস্থিত জনসাধারণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত পাহারায় সহযোগিতা করার আহ্বান জানান, যাতে অবৈধ প্রবেশ ঠেকানো যায়। পথসভায় এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Attr/AHA
আরও পড়ুন