গত চার থেকে পাঁচ মাসে দেশের বাস্তব পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, এখনও আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে এবং উন্নয়ন কার্যক্রম নানা কারণে বাধাগ্রস্ত হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গত কয়েক মাসে দেশের সার্বিক অবস্থার প্রত্যাশিত পরিবর্তন ঘটেনি। তাঁর ভাষায়, ঘুষখোররা এখনও নির্ভয়ে ঘুষ গ্রহণ করছে, ফলে সরকারের বিভিন্ন ইতিবাচক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, দেশের প্রশাসন ও সমাজব্যবস্থায় একটি গুণগত পরিবর্তনের প্রত্যাশা করেছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে তিনি বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং তাঁর মধ্যেই তিনি সেই পরিবর্তনের প্রতিফলন দেখতে পেয়েছেন।
ফখরুল বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, ব্যক্তি ও সমাজের মানসিকতা এবং আচরণেও পরিবর্তন আনতে হবে। তাহলেই জুলাই আন্দোলনের আত্মত্যাগ সত্যিকার অর্থে সফল হবে। তিনি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সুযোগ বুঝে অনেকেই নিজেদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিচ্ছেন। তাঁর অভিযোগ, এদের অনেকেই অতীতে ভিন্ন অবস্থানে থাকলেও এখন পরিচয় বদলে বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েছেন।
দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও সাধারণ মানুষের জীবনমান প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তাঁর মতে, ক্ষমতায় যাওয়ার পর শাসকগোষ্ঠীর মধ্যে ক্ষমতা ধরে রাখার প্রবণতা তৈরি হয়, যা দেশের গণতান্ত্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।
তিনি আরও বলেন, এই দীর্ঘদিনের অকার্যকর ও জরাজীর্ণ ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণেরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।
জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সমাজে বাস্তব পরিবর্তন আনা না গেলে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে না।
সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা