ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকার আশপাশ মাদক সেবন ও কেনাবেচার হাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।
তিনি বলেছেন, `প্রধানমন্ত্রী নেশা-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছেন; অথচ রাজধানীর হৃৎপিণ্ডের মধ্যে গড়ে উঠেছে মাদক কারবারিদের আস্থার জায়গা। ঢাকা মেডিকেল কলেজ এ দেশের আপামর জনগণের আস্থার জায়গা। সারাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য মানুষ এখানে ছুটে আসে। কিন্তু মাদক, গাঁজা, ইয়াবা থেকে শুরু করে সকল মাদকদ্রব্য সেবন এবং ক্রয়বিক্রয়ের হাব হচ্ছে এই ঢাকা মেডিকেল এলাকা। কর্তৃপক্ষ কি এসব অপকর্ম চোখে দেখে না? মাঝে মাঝে মনে হয়, ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন।'
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আনন্দবাজারে ইসলামী আন্দোলন শাহবাগ থানার তৃণমূল দায়িত্বশীল নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। থানা সভাপতি হাজি আবদুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আধুনিকতার এই সময়ে এসে বাংলাদেশিদের বহির্বিশ্বে চিকিৎসাগ্রহণের বিষয়কে ‘লজ্জাজনক’ হিসেবেও উল্লেখ করেছেন শরীয়তুল্লাহ। তিনি বলেন, ‘শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, দেশের প্রতিটি মেডিকেলকে আধুনিকতার ছোঁয়া দিন। উত্তরাধুনিক যুগেও এ দেশের মানুষ বহির্বিশ্বে চিকিৎসার জন্য যাচ্ছে, এটা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। চিকিৎসাব্যবস্থায় আমূল পরিবর্তন জরুরি। এছাড়া মানুষের মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব নয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন।
থানা সেক্রেটারি হাজি কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন। এ সময় শাহবাগ থানাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।