চাঁদাবাজি রোধে সরকার ব্যর্থ: পীর চরমোনাই

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম ও খুনসহ সামাজিক অনাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের মানুষ মুক্তির আশায় বারবার জীবন দিলেও কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি। প্রচলিত নীতি বজায় রেখে দেশ চালালে স্বাধীনতার শতবর্ষেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলকে জনগণ ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে। কিন্তু কেউই প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে সমাজ ও রাষ্ট্রের কাক্সিক্ষত পরিবর্তন আনতে সক্ষম হয়নি।

সম্মেলনে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শীর্ষ নেতারা রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনীতি থেকে চাঁদাবাজি ও ধোঁকাবাজির অবসান হবে বলে আশা করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে বর্তমান বিএনপি সরকার এখনও বিভিন্ন ধরনের তালবাহানা করছে। পরিস্থিতির উন্নতি না হলে জনগণ ফের বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করেন।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে এবং সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা।

এইচএন
আরও পড়ুন