ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূস হেনস্তার শিকার হওয়ার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, দেশে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কিন্তু সেই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষ এখন কোথায় যাবে? গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই যদি ব্যর্থ হয়, তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে কীভাবে? তাঁর ভাষ্য, সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূসের অধীনে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খলিলুর রহমান। পরে তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর ব্যক্তিগত অর্জন থাকলেও বিদেশে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক চুক্তি করেছেন। যে ড. মুহাম্মদ ইউনূসের অধীনে তিনি অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন, সেই ইউনূসকেই যুক্তরাষ্ট্রে হেনস্তার শিকার হতে হয়েছে।

নাহিদ ইসলামের ভাষ্য, এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ব্যর্থতা রয়েছে। এ দায় তাঁকে নিতে হবে এবং নেওয়া উচিত।

মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতা এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত