গত দেড় দশকে দেশের আলেম সমাজ ইতিহাসের সবচেয়ে বেশি অন্যায়ভাবে আক্রোশের শিকার হয়েছে। আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে এ জন্য ঐক্যের বিকল্প নেই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলেও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল রহমান।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াতে আমির আরও বলেন, সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ।
জামায়াতে ইসলাম ছাড়াও খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে অংশ নেন বিএনপি, জামায়াত, এবিপার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা।
শনিবার সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারা দেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন। অধিবেশন উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মুহতারাম আমির, মাওলানা আব্দুল বাছিত আজাদ।
এ অধিবেশন থেকেই দলের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনসহ সামনের দিনগুলোর করণীয় জানাবেন দলটির আমির ও অন্যান্য নেতৃবৃন্দ।
তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হবে আগামীর বাংলাদেশ: জামায়াত আমীর
