১ কোটি চাকরি সৃষ্টিতে প্রস্তুতি রয়েছে: আমীর খসরু

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেড় বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি কোনো রাজনৈতিক স্লোগান নয়। এটি সুপরিকল্পিত, বাস্তবভিত্তিক এবং বাস্তবায়নযোগ্য উদ্যোগ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত ‘রাউন্ড টেবিল অন স্কিলিং বাংলাদেশ: এডভান্সিং দ্য স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম ফর ন্যাশনাল গ্রোথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আমরা হোমওয়ার্ক করে, সম্ভাব্যতা বিশ্লেষণ করে এই প্রতিশ্রুতি দিয়েছি। কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের পরিকল্পনায় রয়েছে স্কিল ডেভেলপমেন্ট, উদ্যোক্তা তৈরি, রেমিটেন্স বৃদ্ধির জন্য শ্রমিক প্রস্তুতকরণ এবং সৃজনশীল ও ডিজিটাল খাতকে কাজে লাগানো।’

তিনি জানান, এই এক কোটি চাকরির একটি বড় অংশ হবে আত্মকর্মসংস্থানভিত্তিক। দেশের কর্মক্ষম জনগোষ্ঠী, বিশেষ করে তরুণদের দক্ষতা বাড়িয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই বিএনপির লক্ষ্য।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘আমাদের তরুণদের যথাযথ দক্ষতা না থাকায় অনেক বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে মাঝারি ও উচ্চ পর্যায়ের পদে বিদেশি জনশক্তি নিয়োগ করছে। এটি অর্থনীতির জন্য ক্ষতিকর।’

তিনি বলেন, ‘শুধু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেই হবে না, স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতি এবং মানসম্পন্ন সার্টিফিকেশন ব্যবস্থা।’

আমীর খসরু জানান, আত্মকর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে তরুণদের মাইক্রো বিজনেস ও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়াই বিএনপির কর্মসংস্থান পরিকল্পনার মূল কৌশল।

NB/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত