ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বিকেলে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

ছাত্রদলের বিরুদ্ধে উগ্র স্লোগান ও ‘হত্যাযোগ্য’ আখ্যা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শাপলা চত্বর থেকে বায়তুল মোকাররম উত্তর গেট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা ছাত্রদলের ‘উসকানিমূলক ও বিভাজনমূলক’ আচরণের প্রতিবাদ জানাবেন।

আজাদ বলেন, অন্য সংগঠনকে হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক সহাবস্থানের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের উগ্র আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া সময়ের দাবি।

ছাত্রশিবির জানায়, তারা শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানাবে এবং রাজনৈতিক সহনশীলতা রক্ষার বার্তা দেবে। একইসঙ্গে সামাজিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে, যা বিভিন্ন মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

DR/SN
আরও পড়ুন