চলতি বছরের হজযাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামীকাল রোববারের (৮ ফেব্রুয়ারি) মধ্যে হজযাত্রীদের কোরবানি (আদাহি) এবং সকল পরিবহন সংক্রান্ত খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের জটিলতা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ৫ ফেব্রুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং ৩০টি লিড এজেন্সির মালিকদের কাছে এই সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কড়া বার্তার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবে হজযাত্রীদের কোরবানি ও মাশায়ের ট্রান্সপোর্টসহ সব যাতায়াত ব্যবস্থাপনার ব্যয় ৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হাজিদের ভিসা ইস্যু করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে।
এ অবস্থায় সব হজ এজেন্সিকে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন ব্যয় পরিশোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।
১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু 
