পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ২৬৯ জন ফিরেছেন।
উল্লেখ্য, গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। গত ৩০ মে থেকে হাজির ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে।
অন্যদিকে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এ পর্যন্ত সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। স্থানভেদে মক্কায় সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যু হয়েছে, এছাড়া মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
হজযাত্রীদের সহায়তায় সৌদি আরবে নিয়োজিত বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে হাজিদের ২৮ হাজার ১৯৮টি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সেবা দেওয়া হয়েছে। হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
জীবনযুদ্ধে সফল হতে মহানবীর (সা.) গুরুত্বপূর্ণ শিক্ষা
মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন
নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ