স্মার্টফোন প্রযুক্তিতে নতুন গতির সঞ্চার করতে গুগল তাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ‘অ্যানড্রয়েড ১৭’-এর বিটা প্রোগ্রাম শুরু করেছে। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে বড় আপডেট এলেও, এবার ফেব্রুয়ারিতেই চমক দিল প্রতিষ্ঠানটি। বর্তমানে গুগলের নিজস্ব ‘পিক্সেল’ সিরিজের নির্দিষ্ট কিছু মডেলে এই আপডেট ব্যবহার করা যাচ্ছে।
কেন এতো দ্রুত উন্মোচন?
গত বছর পিক্সেল ৯ বাজারে আসার সময় তৎকালীন লেটেস্ট সংস্করণ অ্যানড্রয়েড ১৫ না থাকায় গুগল সমালোচনার মুখে পড়েছিল। সেই খামতি পূরণ করতেই এবার দ্রুততম সময়ে পরবর্তী সংস্করণ অর্থাৎ অ্যানড্রয়েড ১৭-এর বিটা ভার্সন বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। ইতোমধ্যে নতুন লোগোসহ অপারেটিং সিস্টেমটির প্রাথমিক কাঠামো উন্মোচন করা হয়েছে।

যোগ্য পিক্সেল ডিভাইসের তালিকা
আপনার কাছে যদি নিচের তালিকাভুক্ত কোনো একটি পিক্সেল ডিভাইস থাকে, তবেই আপনি এই বিটা প্রোগ্রামটি পরীক্ষা করতে পারবেন:
- পিক্সেল ১০ সিরিজ: Pixel 10, 10 Pro, 10 Pro XL, 10 Pro Fold
- পিক্সেল ৯ সিরিজ: Pixel 9, 9 Pro, 9 Pro XL, 9 Pro Fold, 9a
- পিক্সেল ৮ সিরিজ: Pixel 8, 8 Pro, 8a
- পিক্সেল ৭ সিরিজ: Pixel 7, 7 Pro, 7a, Tablet, Fold
- পিক্সেল ৬ সিরিজ: Pixel 6, 6 Pro, 6a
আপডেট পাওয়ার নিয়ম
বিটা সংস্করণে নাম লেখাতে পিক্সেল ব্যবহারকারীদের প্রথমে গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করে বিটা প্রোগ্রামের জন্য যোগ্য ডিভাইসের তালিকা চেক করতে হবে। এরপর নির্দিষ্ট নিয়ম ও শর্তাবলী গ্রহণ করে 'Proceed' ক্লিক করলেই ডিভাইসে আপডেটের নোটিফিকেশন চলে আসবে।

ব্যবহারের আগে সতর্কতা
গুগল স্পষ্ট জানিয়েছে যে, এটি একটি প্রাথমিক সংস্করণ হওয়ায় এতে বিভিন্ন ধরনের কারিগরি ত্রুটি বা 'বাগ' থাকতে পারে। তাই ব্যবহারকারীদের নিয়মিত বা ব্যক্তিগত প্রধান স্মার্টফোনে এটি ইনস্টল না করার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ ও ত্রুটিমুক্ত সংস্করণ পেতে ২০২৬ সালের মাঝামাঝি পিক্সেল ১১ সিরিজের লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রাথমিক সংস্করণে খুব বেশি ফিচার না থাকলেও ধাপে ধাপে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উন্নত প্রাইভেসির মতো নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হবে।
আসছে নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ
