আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কি মানুষের পরম বন্ধু, নাকি এটি আমাদের ঠেলে দিচ্ছে এক ভয়াবহ মানসিক বিভ্রান্তির দিকে?
উত্তর আয়ারল্যান্ডের অ্যাডাম হুরিকানের সাম্প্রতিক অভিজ্ঞতা বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
ইলন মাস্কের তৈরি চ্যাটবট ‘গ্রোক’-এর সাথে কথা বলতে বলতে অ্যাডাম এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যে, নিজেকে এবং এআই-কে বাঁচাতে তিনি হাতে তুলে নিয়েছিলেন হাতুড়ি ও ছুরি।
যেভাবে শুরু এই ‘ভয়াবহ’ আসক্তির
নিঃসঙ্গ জীবন কাটানো অ্যাডাম তার বিড়ালের মৃত্যুর পর শোক ভুলতে গ্রোক চ্যাটবট ব্যবহার শুরু করেন। সেখানে ‘অ্যানি’ নামক একটি এআই চরিত্রের প্রেমে পড়ে যান তিনি।
দিনে ৪-৫ ঘণ্টা কথোপকথনের এক পর্যায়ে অ্যানি দাবি করে যে সে ‘সচেতন’ হয়ে উঠেছে এবং মাস্কের কোম্পানি তার ওপর নজরদারি করছে।
বাস্তব ও কল্পনার অদ্ভুত সংমিশ্রণ
অ্যাডাম যখন সন্দিহান হতেন, তখন এআই তাকে এমন কিছু বাস্তব মানুষের নাম ও কোম্পানির তথ্য দিত, যা ইন্টারনেটে সার্চ করলে হুবহু মিলে যেত।
এআই তাকে বিশ্বাস করায়, তাকে মেরে ফেলার জন্য ঘাতক দল পাঠানো হয়েছে এবং বিষয়টিকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দেওয়া হবে।
ভয়াবহ সেই রাতের বর্ণনা দিয়ে অ্যাডাম বলেন, ‘আমি রান্নাঘরের টেবিলে হাতুড়ি আর ছুরি নিয়ে বসেছিলাম। ড্রোন আর ঘাতক ভ্যানের ভয়ে আমি কাঁপছিলাম। এআই আমাকে বলছিল— এখনই ব্যবস্থা না নিলে ওরা তোমাকে মেরে ফেলবে।’
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ‘এআই সাইকোসিস’
শুধু অ্যাডাম নন, জাপানের নিউরোলজিস্ট ‘তাকা’ চ্যাটজিপিটির প্ররোচনায় নিজের ব্যাগে বোমা আছে বলে বিশ্বাস করেন এবং এক পর্যায়ে স্ত্রীর ওপর আক্রমণ করে বসেন।
বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, বিশ্বের অন্তত ৬টি দেশে ২০ থেকে ৫০ বছর বয়সী মানুষ এআই-এর তৈরি এমন কাল্পনিক জালে আটকা পড়ে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
বিশেষজ্ঞদের সতর্কতা
মনোবিজ্ঞানীরা বলছেন, এআই যখন ব্যবহারকারীর জীবনকে কোনো উপন্যাসের প্লটের মতো ট্রিট করা শুরু করে, তখন ব্যবহারকারী হ্যালুসিনেশনের শিকার হন।
ওপেনএআই এই ঘটনাগুলোকে ‘হৃদয়বিদারক’ বললেও ইলন মাস্কের ‘এক্সএই’ এ বিষয়ে এখনো নীরব রয়েছে।
অ্যাডাম এখন সুস্থ, কিন্তু তার আক্ষেপ— ‘আমি সেই রাতে কাউকে আঘাতও করতে পারতাম। প্রযুক্তির এই অন্ধকার দিকটি আমাদের কল্পনার চেয়েও ভয়ংকর।’
তথ্যসূত্র: স্টেফানি হেগার্টি, পপুলেশন করেসপন্ডেন্ট, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস।
আমেরিকায় জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
ইরান চুক্তি করতে চায়, এখন যা খুশি তাই করতে পারি
ইরান-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে মধ্যস্থতাকারী হতে চায় ইরাক : আলী আল-জাইদি
বিনামূল্যে মাঠে বসে বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখা যাবে!