ত্রুটি কাটিয়ে সচল হলো ফেসবুক

আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

প্রায় এক ঘণ্টা বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার রাত ৮টা ২২ মিনিটে ফেসবুক সচল হয়। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিভ্রাট দেখা দিলে চরম ভোগান্তিতে পড়েন বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী। 

তখন ব্যবহারকারীদের অভিযোগ ছিল, কম্পিউটার (ওয়েব ভার্সন) কিংবা মোবাইল অ্যাপ–কোনো সংস্করণ দিয়েই ফেসবুকে লগইন করা যাচ্ছে না। অনেকের সেশন হঠাৎ করেই ‘লগআউট’ হয়ে যাচ্ছে। শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন অন্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারেও কোথাও কোথাও সমস্যা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ফেসবুক ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ওয়েবসাইটের ব্যবহারকারীরা। ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেই স্ক্রিনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়) বার্তা দেখানো হচ্ছে। 

আমেরিকা, ইউরোপ ও এশিয়াসহ বিশ্বের প্রায় সব অঞ্চলেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইতিমধ্যে #FacebookDown হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টাইলা লিখেছে, অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানাতে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।

এক্সে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি ভেবেছিলাম আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।’

আরেকজন মন্তব্য করেন, ‘আমি ভেবেছিলাম আমার পেইজটা হারিয়ে ফেলেছি।’

সাম্প্রতিক বছরগুলোতে ফেইসবুক ও মেটার অন্যান্য সেবায় কয়েক দফা বড় ধরনের বিভ্রাট দেখা গেছে। তবে শুক্রবারের এ সমস্যার ব্যাপ্তি কতটা এবং কতজন ব্যবহারকারী এতে প্রভাবিত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি।

AHA
আরও পড়ুন