আর্জেন্টিনার বিশ্বকাপ দল: ক্লাব নাকি লিগ, কার আধিপত্য বেশি?

আপডেট : ২৯ মে ২০২৬, ০২:০২ পিএম

আসন্ন বিশ্বকাপে নিজেদের মুকুট ধরে রাখার মিশন নিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্কোয়াড প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমীদের মনে নতুন এক কৌতুহল তৈরি হয়েছে—এবার আলবিসেলেস্তেদের এই দলে কোন ক্লাব কিংবা কোন লিগের ফুটবলারদের দাপট সবচেয়ে বেশি? পরিসংখ্যান বলছে, বরাবরের মতোই এবারও ইউরোপের লিগগুলোতে খেলা তারকাদের ওপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছেন আর্জেন্টাইন কোচ।

স্থানীয় লিগের প্রতিনিধি মাত্র দুজন

আর্জেন্টিনার ঘরোয়া লিগ থেকে এই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন মাত্র দুজন ফুটবলার। রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল এবং বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসই এবারের দলে স্থানীয় লিগের একমাত্র প্রতিনিধি।

ক্লাবভিত্তিক পরিসংখ্যানে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ

কোন ক্লাব থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় সুযোগ পেয়েছেন—সেই হিসাব করলে সবাইকে ছাড়িয়ে গেছে স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদ। এই একটি ক্লাব থেকেই আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন সর্বোচ্চ ছয়জন ফুটবলার। তারা হলেন—হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা এবং জিউলিয়ানো সিমিওনে।

এরপরেই দ্বিতীয় সর্বোচ্চ তিনজন খেলোয়াড় এসেছেন ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই থেকে। ক্লাবটির হয়ে খেলা জেরোনিমো রুলি, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা রয়েছেন এই স্কোয়াডে। এছাড়া একাধিক খেলোয়াড় দলে থাকা আরেকটি ক্লাব হলো যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। এই ক্লাবটি থেকে সুযোগ পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো দে পল।

লিগের দাপটে সেরা লা লিগা

লিগভিত্তিক হিসাব-নিকাশে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেনের শীর্ষ লিগ ‘লা লিগা’। এই লিগে খেলা মোট সাতজন ফুটবলার আর্জেন্টিনার বিশ্বকাপ দলে আছেন। অ্যাতলেটিকো মাদ্রিদের ছয় তারকার পাশাপাশি এই তালিকায় যোগ হয়েছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) থেকে দলে ডাক পেয়েছেন পাঁচজন তারকা—এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। সমসংখ্যক (পাঁচজন) খেলোয়াড় সুযোগ পেয়েছেন ফরাসি লিগ ওয়ান থেকেও। ফ্রান্সের লিগে খেলা রুলি, বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মেদিনা ও বার্কো রয়েছেন এই তালিকায়।

এছাড়া আর্জেন্টিনার ঘরোয়া প্রফেশনাল লিগ এবং আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) থেকে সমান দুজন করে ফুটবলার স্কোয়াডে আছেন। স্থানীয় লিগের পারেদেস ও মন্তিয়েল এবং এমএলএস থেকে খেলছেন মেসি ও দে পল। অন্যদিকে পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলছেন নিকোলাস ওতামেন্দি এবং ব্রাজিলিয়ান লিগের ক্লাব পালমেইরাসের হয়ে মাঠ মাতাচ্ছেন হোসে মানুয়েল লোপেজ।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত