জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

আপডেট : ১২ জুন ২০২৬, ১০:২৭ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের এক দারুণ জয় তুলে নিলো দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাহারায় অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের লড়াই ছিল দেখার মতো।

বৃহস্পতিবার (১২ জুন) মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে একাধিক সুযোগ তৈরি করেছিল দক্ষিণ কোরিয়া। তবে দলের সবচেয়ে বড় তারকা সন-হিউং-মিন এদিন প্রথমার্ধে বারবার সুযোগ হাতছাড়া করেন। ম্যাচের চতুর্থ মিনিটেই অফসাইডের ফাঁদে পড়েন তিনি। ৮ম মিনিটে লি কাং-ইনের সাথে বল দেওয়া-নেওয়া করে সুযোগ তৈরি করলেও ডান প্রান্তে জে-সুংকে ফাউল করে থামান চেকের লাদিস্লাভ ক্রেইচি।

১২ মিনিটে লি-জে সাঙের পাস নিয়ন্ত্রণে ব্যর্থ হন সন। এর দুই মিনিট পর বক্সের বাইরে থেকে জে-সাঙের নেওয়া বুলেট গতির শট রুখে দেন চেক গোলরক্ষক কোভার। ২৩ মিনিটের কুলিং ব্রেকের আগ পর্যন্ত চেক প্রজাতন্ত্র হাই প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করলেও কোরিয়ার রক্ষণভাগ তা সফলভাবে সামাল দেয়। ৩৮ মিনিটে সনের দূরপাল্লার শট গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি পান সন; কিন্তু গোলরক্ষককে ফাঁকি দেওয়ার মুহূর্তে ভারসাম্য হারিয়ে পা পিছলে পড়ে যান তিনি, ফলে গোলবঞ্চিত থাকে কোরিয়া।

বিরতির পর ম্যাচের ৫৯ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন চেক প্রজাতন্ত্রের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ভ্লাদিমির কুফালের এক নিখুঁত লং থ্রো থেকে ডি-বক্সে লাফিয়ে উঠে চমৎকার হেডে কোরিয়ার জাল কাঁপান তিনি।

তবে গোল হজম করার পর রুখে দাঁড়ায় এশিয়ার জায়ান্টরা। মাত্র ৮ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় তারা। ৬৭ মিনিটে চেকের ডিফেন্সের ফাঁক গলে বক্সে ঢুকে পড়েন হোয়াং ইন-বম। চেক গোলরক্ষক ও ডিফেন্ডাররা তাকে বাধা দিতে এগিয়ে আসলে ঠান্ডা মাথায় চিপ শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি।

৭৭ মিনিটে চেক প্রজাতন্ত্র ফ্রি-কিক থেকে টমাস সৌচেকের মাধ্যমে একটি গোল করলেও অফসাইডের কারণে রেফারি তা নাকচ করে দেন। এর ঠিক তিন মিনিট পর, অর্থাৎ ৮০তম মিনিটে কোরিয়াকে জয়ের বন্দরে নিয়ে যান ওহ হিউয়ান-গিউ। প্রথম গোলের নায়ক ইন-বম ডান প্রান্ত থেকে বক্সে এক দারুণ কাটব্যাক করেন, আর দ্রুত গতিতে ছুটে এসে স্লাইড শটে বল জালে পাঠান হিউয়ান-গিউ।

ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মিকাল স্যাডলিকের শট কোরিয়ান ডিফেন্ডার কিম-মিন জে দুর্দান্ত ব্লকে প্রতিহত করলে চেকের সমতায় ফেরার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

YA
আরও পড়ুন