আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠেয় বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে প্রশাসন। দুই দেশের ঐতিহাসিক বৈরিতা ও বিপুল সমর্থকের উপস্থিতির কারণে পুরো শহরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে আটলান্টা পুলিশ।
পুলিশ জানিয়েছে, ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ এবং ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের স্মৃতি এখনো দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের সমর্থকদের হাতাহাতি ও তর্কাতর্কির কিছু ভিডিও ছড়িয়ে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
স্টেডিয়ামের ভেতরে ফিফার নিয়ম অনুযায়ী আলাদা গ্যালারির ব্যবস্থা থাকলেও প্রবেশপথ ও আশপাশের সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক আর্জেন্টিনা বংশোদ্ভূত মানুষের পাশাপাশি ইংল্যান্ড থেকেও হাজার হাজার সমর্থক আটলান্টায় জড়ো হচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাজ্যের বিশেষ ফুটবল পুলিশিং ইউনিটের একটি দল বর্তমানে আটলান্টা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ইংলিশ সমর্থকদের আচরণ ইতিবাচক থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ভিন্ন মাত্রার আবেগের কারণে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। আটলান্টা পুলিশ স্পষ্ট জানিয়েছে, যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফুটবল ইতিহাসের সেরা সেমিফাইনাল দেখবে বিশ্ব?