ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আসিয়ান কাপ’-কে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি সারছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টকে লক্ষ্য করে ঘরোয়া লিগ ও প্রবাসী মিলিয়ে ডজনখানেক ফুটবলারকে প্রাথমিক স্কোয়াডে ডেকেছিলেন জাতীয় দলের কোচ থমাস ডুলি। তবে কঠোর অনুশীলনের কয়েক দিন পার হতেই দল কাটছাঁট করতে শুরু করেছেন তিনি। বেশ কয়েকজন ফুটবলারকে ইতিমধ্যেই বিদায় জানিয়ে সংক্ষিপ্ত করা হয়েছে দল।
জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেব উল্লেখ করে জানান, অনুশীলনের পারফরম্যান্স দেখে কোচ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে বাদ দিয়েছেন। বাদ পড়া ফুটবলারদের তালিকায় রয়েছেন, ইয়াসিদ তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন এবং রাহুল।
তিনি আরো জানান, আজকের অনুশীলনের পরও আরও একজনকে বাদ দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত স্কোয়াডে ইন্দোনেশিয়ায় ঠিক কতজনকে নিয়ে কোচ উড়াল দেবেন, তা এখনও নিশ্চিত করেননি ডুলি।
এদিকে জাতীয় দল থেকে বাদ পড়া ফুটবলাদের নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে একসময় ক্যাবরেরার গুডবুকে না থাকা দেশের পরীক্ষিত ফুলব্যাক ইসা ফয়সাল ডুলির অধীনে সান মারিনোর বিপক্ষে একাদশে জায়গা পেলেও এবার চূড়ান্ত দলে জায়গা করতে পারেননি।
একই সফরে থাকা মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিনও বাদ পড়েছেন কোচের পছন্দের তালিকা থেকে। বাদ পড়া প্রবাসী তরুণ ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকারও কোচের মন জয় করতে ব্যর্থ হয়েছেন। তবে আমেরিকান প্রবাসী গোলরক্ষক সাইফ নিজের পারফরম্যান্স দিয়ে জায়গা ধরে রেখেছেন।
বাফুফে বা কোচ আনুষ্ঠানিকভাবে বাদ পড়ার নির্দিষ্ট কোনো কারণ না জানালেও ফুটবল বিশ্লেষকদের ধারণা, একই পজিশনে অতিরিক্ত বিকল্প খেলোয়াড় থাকার কারণেই কঠোর এই সিদ্ধান্ত নিয়েছেন ডুলি। ইতিমধ্যেই হোটেল ছাড়তে শুরু করেছেন বাদ পড়া ফুটবলাররা।
উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান কাপের বাঁশি বাজবে। তার আগে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। ঢাকা ছাড়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামীকাল ফর্টিজ এফসির বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ডুলির শিষ্যরা।
পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বিশ্বের ফিনটেক অঙ্গনে বাংলাদেশের তানভীর আহমেদ
'যেকোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন'