শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ব্রেন্ডন টেলরের নতুন রেকর্ড

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম

আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে এক অনন্য ও ঐতিহাসিক রেকর্ডের চূড়ায় উঠলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে মাঠে নেমেই ভেঙে দেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড। ওয়ানডে ইতিহাসে এখন সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের একক মালিক টেলর।

বর্তমানে টেলরের ওয়ানডে ক্যারিয়ারের বয়স ২২ বছর ৪ মাস। এর আগে এই বিশ্বরেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের দখলে, যার ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব ছিল ২২ বছর ৩ মাস।

তবে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখনও যথাক্রমে ১৮ হাজার ৪২৬ রান ও ৪৬৩ ম্যাচ নিয়ে অক্ষুণ্ণ রেখেছেন ভারতীয় এই ব্যাটার।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ৪০ বছর বয়সী ব্রেন্ডন টেলর জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিশেষ ম্যাচটির আগে ২০৭ ওয়ানডেতে দেশের পক্ষে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির মালিক ছিলেন তিনি।

টেলরের এই পথচলা অবশ্য পুরোপুরি মসৃণ ছিল না। ২০২১ সালে অবসর গ্রহণের পর আইসিসির বিধি ভাঙার দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবে সব বাঁধা পেরিয়ে ২০২৫ সালে তিনি পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন।

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে—মূলত সেই মেগা ইভেন্টকে লক্ষ্য রেখেই আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছেন এই বর্ষীয়ান তারকা।

ওয়াইএ
আরও পড়ুন