পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে সফরকারী ইংল্যান্ড।
রোববার (১ ফেব্রুয়ারি) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৬ উইকেটের জয় পায় জস বাটলারের দল। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে টানা ১০ ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়ল ইংলিশরা। লঙ্কানরা সর্বশেষ ২০১৪ সালে ইংল্যান্ডকে এই সংস্করণে হারিয়েছিল।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার ২২ বলে ৩৪ এবং কুশল মেন্ডিসের ১৭ বলে ৩২ রানের ইনিংসে শুরুটা ভালো ছিল লঙ্কানদের। মিডল অর্ডারে কামিল মিশারা (৩৬) এবং শেষ দিকে চারিথ আসালাঙ্কার ২২ বলে ৪০ ও পাভান রত্নায়েকের অপরাজিত ২৮ রানের ঝোড়ো ইনিংসে স্কোরবোর্ড সমৃদ্ধ হয়। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ২ উইকেট শিকার করেন।
বৃষ্টির কারণে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১৬৮ রান। রান তাড়া করতে নেমে দলীয় ৩৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। তবে ৪শতম আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক ছোঁয়া জস বাটলার ৩৯ রান করে হাল ধরেন। এরপর হ্যারি ব্রুকের ক্যামিও ইনিংস মোড় ঘুরিয়ে দেয়; তিনি মাত্র ১২ বলে ৩৬ রান (২ চার, ৪ ছয়) করে ৩০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন।
একপ্রান্ত আগলে রাখা টম ব্যান্টন ২৯ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি ফিফটি। চার বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পাওয়া ব্যান্টন ৩৩ বলে ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। স্যাম কারানের ১৪ বলে ২০ এবং ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৬.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। দুর্দান্ত ফিফটির জন্য ম্যাচসেরা নির্বাচিত হন টম ব্যান্টন।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যেখানে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে ইংল্যান্ড।
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বললো আইসিসি
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান
