দেড় বছরে ঢাকায় অস্বাভাবিক ভোটার মাইগ্রেশন হয়েছে: নজরুল ইসলাম খান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় গত এক-দেড় বছরে অস্বাভাবিকভাবে ভোটার মাইগ্রেশন (স্থানান্তর) হয়েছে বলে দাবি করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে আগেও বলেছিলাম যে, গত দেড় বছরে প্রচুর ভোটার মাইগ্রেশন হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগরীর কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যা অত্যন্ত সন্দেহজনক। এর আগে কখনো এ ধরনের গণ-মাইগ্রেশন দেখা যায়নি।’

ইসির সরবরাহ করা তথ্যে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বলছে কোনো আসনে দুই-তিন হাজারের বেশি মাইগ্রেশন হয়নি। কিন্তু আমরা এই তথ্যে সন্তুষ্ট হতে পারিনি। আমাদের কাছে খবর আছে, প্রকৃতপক্ষে এই সংখ্যা অনেক বেশি। যারা ইসিকে তথ্য সরবরাহ করেছে, তারা সঠিক তথ্য দেয়নি।’

ভোটার তালিকায় জালিয়াতির আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, এমন অনেক হোল্ডিং নম্বর পাওয়া গেছে যেখানে বড়জোর ৪-৫ জন মানুষ বাস করেন, অথচ সেখানে ২০-৩০ জন ভোটার দেখানো হয়েছে। কিছু অসাধু চক্র ভোটার আইডি ও বিকাশ নম্বর নিয়ে কেলেঙ্কারি করেছে। সম্ভবত তারাই এ ধরনের ভুয়া ভোটার বা অবৈধ মাইগ্রেশনের ঘটনা ঘটাচ্ছে।’

এ বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর ও যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে কমিশনের কাছে আসনভিত্তিক ভোটার মাইগ্রেশনের বিস্তারিত তথ্য চেয়েছে।

FJ
আরও পড়ুন