শেষ ম্যাচ জিতে জিম্বাবুয়ের বোলারদের কৃতিত্ব দিলেন টাইগার কোচ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

জিম্বাবুয়ে সফরে টানা দুই ওয়ানডেতে হারের পর শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৭ উইকেটে হারালেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিম্বাবুয়ের কাছেই হারতে হয়েছে টাইগারদের।

তবে এই জয়কে সামনে থাকা টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি জয় দলকে আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় মোমেন্টাম এনে দেয়।

তালহা বলেন, ‘হয়তো অনেক দিন ধরেই আমরা এই জয়ের অপেক্ষায় ছিলাম। আগের দুই ম্যাচে যেভাবে বল করেছি, তাতে আমাদের জেতা উচিত ছিল। শেষ ম্যাচে জয় পেয়েছি। ম্যাচ জিতলে মোমেন্টাম পাওয়া যায়। আশা করছি, এই ধারাটা টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে পারব।’

শেষ ম্যাচের জয় কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটিও তুলে ধরেন তিনি। তালহার ভাষ্য, ‘ম্যাচ জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষ যে-ই হোক। জয় দলকে আত্মবিশ্বাস দেয়। সামনে টি-টোয়েন্টি সিরিজ থাকায় এই জয় আমাদের জন্য অনেক প্রয়োজন ছিল।’

আগের দুই ম্যাচের ব্যর্থতা ও শেষ ম্যাচের পারফরম্যান্সের পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, শেষ ম্যাচে ব্যাটাররা পুরো ইনিংসজুড়ে নিয়ন্ত্রণে ছিলেন। তার মতে, আগের দুই ম্যাচে বাংলাদেশ নিজেদের ভুলেই প্রতিপক্ষকে ম্যাচে ফিরিয়ে দিয়েছিল।

তবে প্রতিপক্ষের প্রশংসাও করেছেন তালহা। তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তারা দারুণ বোলিং করেছে। প্রথম ম্যাচে আমরা ১৪১ রানে অলআউট হয়েছিলাম, কিন্তু ওই ম্যাচও জেতার সুযোগ ছিল। দুই দলের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও জিম্বাবুয়ে সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের এই কোচ। তার মতে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে বাউন্সি উইকেটে খেলার অভিজ্ঞতা দলকে বাড়তি সুবিধা দেবে।

AM/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত