রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

রশিদ খানের ঘূর্ণি সামলাতে না পেরে শারজায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। একপর্যায়ে ২৬ রানে ৪ উইকেট হারানোর পর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা জাগলেও শেষ পর্যন্ত ১৬০ রানেই থেমেছে দলের ইনিংস।

লিটন দাসের চোটে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন ফিফটি পেরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ৭০ রান করেছেন। অন্যদিকে সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ৪১ রান। পঞ্চম উইকেটে এই দুজন গড়েছিলেন ৯৩ রানের জুটি। তবে এই জুটি ভাঙার পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে।

শেষ ৬ উইকেট মাত্র ৩৯ রানে হারায় বাংলাদেশ। ইনিংসের তখনো বাকি ছিল ৫২ বল।

ইমন ও সাইফের পর বাংলাদেশের হয়ে দুই অঙ্কের রান করতে পেরেছেন শুধু নাজমুল হোসেন শান্ত। তাঁর ব্যাট থেকে এসেছে ১৫ রান। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

৩১ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার রশিদ খান। আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমেদজাই নিয়েছেন ২টি করে উইকেট।

ত্রিদেশীয় সিরিজে নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ফাইনালে উঠতে হলে আজ আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হবে বাংলাদেশকে। তবে সেই সমীকরণ মেলানোর আগেই ব্যাটিংয়ে হতাশ করেছে দল। ১৬০ রানের পুঁজি নিয়ে এখন শোচনীয় পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ।

এএম
আরও পড়ুন