কলম্বোতে দেখে-শুনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৫:৪৬ পিএম

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখে-শুনে খেলছে বাংলাদেশ। শুরুটা আশাব্যঞ্জক হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কিছুটা ব্যাকফুটে টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫.৪ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওপেনার পারভেজ হোসেন ইমন দলকে এনে দেন শুভ সূচনা। ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি। কিন্তু অন্যপ্রান্তে একের পর এক ব্যাটার দায়িত্বজ্ঞানহীন শটে উইকেট বিলিয়ে দেন।

অধিনায়ক মিরাজ নিজেই হুক শটে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে আউট হন। একই ধাঁচের শট খেলে শামীম হোসেন পাটোয়ারীও ফেরেন। ডিপ ফাইন লেগে জানিথ লিয়ানাগের হাতে ধরা পড়েন তিনি।

শামীম অবশ্য মাঠে কিছুটা প্রাণ ফিরিয়েছিলেন। এক ছক্কা ও দুটি চারে ২৩ বলে ২২ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু সে ইনিংস বড় করতে না পারায় আবারও চাপে পড়ে দল। তার বিদায়ের পর ব্যাটিং ভরসা হয়ে টিকে ছিলেন তাওহিদ হৃদয়, যিনি ধীরস্থির ভঙ্গিতে রান তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারের পর সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয় ছাড়া উপায় নেই বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটারদের দায়িত্বহীনতায় সেই মিশনে প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে। 

আরও পড়ুন