বাংলাদেশ জাতীয় দলের তরুণ স্পিনার নাইম হাসানকে সাধারণত দেখা যায় টেস্ট ফরম্যাটে। তবে সাম্প্রতিক সময়ে নিজেকে তিন ফরম্যাটের উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন এই ডানহাতি বোলার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণকে সামনে রেখে নাইম এবার চান সীমিত ওভারের ক্রিকেটেও নিজের সক্ষমতা প্রমাণ করতে।
এর আগে কখনো অস্ট্রেলিয়ায় খেলেননি নাইম। ফলে সেই অচেনা কন্ডিশনে নিজেকে তুলে ধরার সুযোগটা ভীষণভাবে কাজে লাগাতে চান তিনি। নাইম বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশন আমার কাছে একদম নতুন। যদি সুযোগ পাই, অবশ্যই যাব। ওখানে খেলে শিখতে পারব-কী করতে হবে, কেমন পরিকল্পনায় খেলতে হয়। এটা ভবিষ্যতের জন্য বড় সহায়তা হবে।’
টেস্ট দলে নিয়মিত হলেও, সীমিত ওভারের ফরম্যাটে জাতীয় দলে জায়গা পাকা করা এখনও চ্যালেঞ্জ নাইমের জন্য। তবে তিনি আত্মবিশ্বাসী যে নিজের সামর্থ্যে তিন ফরম্যাটেই জায়গা করে নেওয়া সম্ভব, ‘আমি তিন ফরম্যাটে খেলার মতো করেই নিজেকে প্রস্তুত করছি। প্রিমিয়ার লিগ, বিপিএল-সব জায়গায় খেলি। নিজেকে অলরাউন্ড খেলোয়াড় হিসেবেই তৈরি করছি।’
নাইম শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও নিজেকে গড়ে তুলতে চান। বিশেষ করে লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার যোগ্যতা তৈরি করতে চান তিনি, ‘ব্যাটিংয়ের ওপরও এখন অনেক গুরুত্ব দিচ্ছি। লোয়ার অর্ডার থেকে যদি ভালো রান করা যায়, তাহলে দলের জন্য তা বড় সহায়তা। আমি আমার ইনিংসগুলো বড় করতে চাই-এটাই এখন ফোকাস।’
এদিকে সামনের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের প্রতি তার রয়েছে অনেক আশা, ‘আলহামদুলিল্লাহ, দল খুব ভালো খেলছে। মোমেন্টাম থাকলে বাংলাদেশ যেকোনো কিছু করতে পারে। আমি বিশ্বাস করি, ওরা ভালো কিছু উপহার দেবে।’