আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) আফগান কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, প্রায় তিন মাসের আপেক্ষিক শান্তির পর এই আকস্মিক বিমান হামলায় প্রতিবেশী দুই দেশের মধ্যকার সীমান্ত উত্তেজনা নতুন করে বাড়িয়ে তুলেছে।
ফ্রেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর থেকেই প্রতিবেশী রাষ্ট্র দুটির সম্পর্কের অবনতি ঘটে। মূলত সীমান্ত পারের সন্ত্রাসবাদ ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া নিয়ে দ্বন্দ্বের সূচনা। পাকিস্তান শুরু থেকেই অভিযোগ করে আসছে যে তালেবান আফগানিস্তানের ভূমি ব্যবহার করে তাদের ওপর হামলা চালাচ্ছে, যদিও তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে দাবি করে আসছে।
উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ সুবিধাকেন্দ্রে ভয়াবহ হামলায় অন্তত ১৬ জন নিহত হওয়ার মাত্র কয়েক দিন পরই এই বিমান হামলা চালালো ইসলামাবাদ।
তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কু নার প্রদেশে একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া পাকতিকা প্রদেশের বারমাল জেলায় আরও দুটি স্থানে বোমাবর্ষণ করা হয়েছে, যেখানে একটি দোকান এবং একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত জুলাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ড্রোন নিক্ষেপ করেছিল আফগানিস্তান, যা আকাশেই গুলি করে ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ। তা ছাড়া গত মার্চ মাসে কাবুলে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনাটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি। আফগান তালেবান সে সময় দাবি করেছিল হামলাটি একটি মাদক নিরাময় কেন্দ্রে চালানো হয়েছে, যদিও ইসলামাবাদ সেটি অস্বীকার করে সামরিক ও সন্ত্রাসী আস্তানায় সুনির্দিষ্ট হামলার দাবি করেছিল।
আন্তর্জাতিক কৌশলগত গবেষণা সংস্থা (আইআইএসএস)-এর তথ্যানুযায়ী, পাকিস্তানের কাছে ৪২২টি যুদ্ধবিমান ও ২৬০টিরও বেশি হেলিকপ্টারসংবলিত বিশাল বিমানবাহিনী রয়েছে। এর বিপরীতে আফগানিস্তানের কোনো নিজস্ব ফাইটার জেট বা যুদ্ধবিমান না থাকলেও অন্তত ৬টি বিমান, ২৩টি হেলিকপ্টার এবং ড্রোন রয়েছে, যা তারা এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে।
সূত্র: রয়টার্স
প্রেসিডেন্ট মইসি হত্যা: ১৮ আসামিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলো হাইতি
ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যাটারিতে যুগান্তকারী আবিষ্কার!
ইথিওপিয়ার রেনেসাঁ বাঁধ ‘অবৈধ’, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মিসরের