চ্যাম্পিয়নের স্বপ্ন দেখে বাংলাদেশ, তবে...

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম

বাংলাদেশ ক্রিকেটে বড় অর্জনের খরা নতুন কিছু নয়। বহুবার আমরা পৌঁছেছি প্রায়-সাফল্যের দ্বারপ্রান্তে, কিন্তু শেষ দৃশ্যপট বদলায়নি। এশিয়া কাপ তার বড় উদাহরণ-তিনবার ফাইনাল, তিনবারই ফিরে আসা খালি হাতে। তবে এবার গল্পটা বদলাতে চায় বাংলাদেশ। আর সেই গল্পের শুরুটা হচ্ছে মাঠের বাইরের সবচেয়ে বাস্তব জায়গা থেকে-প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কণ্ঠে শোনা যাচ্ছে নতুন বার্তা- ট্রফি নয়, আগে চাই ট্রান্সফরমেশন।

‘আমি চ্যাম্পিয়নের স্বপ্ন দেখি। তবে আবেগে ভেসে নয়, বাস্তবতা বুঝে।‘-সংবাদ সম্মেলনে এমনই বললেন লিপু। তার কণ্ঠে স্পষ্ট বিশ্বাস, বাংলাদেশ পারবে। কিন্তু সেই পারা নির্ভর করছে মাঠের পরিকল্পনা, মানসিকতা এবং ধাপে ধাপে উন্নতির ওপর।

বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। লিপু বলেন, ‘শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি, আফগানিস্তানকে পারিনি। সুতরাং কেউ কাউকে ছাড় দেবে না। আবেগ দিয়ে খেললে হবে না, যুক্তি দিয়ে খেলতে হবে।’

এমন একটা সময়ে, যখন ট্রফির জন্য চিৎকার সবচেয়ে বেশি, লিপু একধাপ পেছনে গিয়ে গভীর কথা বলছেন, ‘প্রতিভা থাকলেই হবে না। সেই প্রতিভাকে রূপান্তর করতে হবে বাস্তব পারফরম্যান্সে।’

লিপু আশাবাদী, তবে শর্তযুক্ত। তার বার্তা সরল-স্বপ্নটা বড় হোক, কিন্তু পা রাখতে হবে মাটিতে। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হতে হলে সবার আগে মাথায় রাখতে হবে, আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই। সেই ব্যবধান বুঝে কাজ করতে হবে।’

আরও পড়ুন