বাংলাদেশ দলের সাফল্যে উচ্ছ্বসিত সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে তিনি মনে করেন, নতুন নির্বাচক প্যানেলের অধীনে জয় এলেও এর ভিত্তি তৈরি হয়েছিল আগেই, তার সময়েই। একইসঙ্গে তিনি যে বিসিবি নির্বাচনে লড়বেন সেটাও ফের জানালেন। পাশাপাশি আরেক প্রার্থী তামিম ইকবালকেও স্বাগত জানালেন নান্নু।
মিডিয়ার সামনে নান্নু বলেন, ‘এখনকার দলে যারা খেলছেন, তারা সবাই আমাদের নির্বাচক প্যানেলের সময় এসেছেন। আমি নতুন কাউকে দেখছি না। খেলোয়াড়েরা সবাই আমাদের বাছাই করা।’
টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়, পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ-সব মিলিয়ে বাংলাদেশের ধারাবাহিকতায় খুশি নান্নু, ‘এখন দল ভালো খেলছে, আরও ভালো খেলুক চাই। এশিয়া কাপে ভালো পারফরম্যান্স দেখতে চাই।’
অক্টোবরে হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। সাবেক অধিনায়ক ও নির্বাচক নান্নুও পরিচালক পদে লড়াইয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তবে তার দাবি, বর্তমান নিয়ম সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে বাঁধা সৃষ্টি করছে।
তিনি বলেন, ‘আমাদের সাবেক অধিনায়করা সি ক্যাটাগরিতে থাকেন, কিন্তু যত ভোটই পান, নির্বাচিত হন একজনই। এই সীমাবদ্ধতা থাকা উচিত নয়। ক্রিকেটের স্বার্থে সংবিধান পরিবর্তন করা জরুরি।’
নান্নুর মতে, প্রাক্তন ক্রিকেটারদের অভিজ্ঞতা ও জ্ঞান বোর্ড পরিচালনায় বড় অবদান রাখতে পারে। তাই তিনি নিয়ম বদলে সাবেকদের জন্য আরও সুযোগ উন্মুক্ত করার পক্ষে।তামিম ইকবালের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রসঙ্গে নান্নু বলেন, ‘তামিমকে অবশ্যই স্বাগত জানাই। তিনি দেশের কিংবদন্তি ক্রিকেটার, সাবেক অধিনায়ক। প্রশাসনে এলে দেশেরই উপকার হবে।’

