বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল এখন বাংলাদেশে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

অনেকটা চুপিসারেই বাংলাদেশে এসেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা গতকাল মঙ্গলবার বাংলাদেশে এসে পৌঁছান ওজিল। তার সঙ্গে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলেও। 

তুর্কি সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'টিকা' (টিআইকেএ)-এর একটি বিশেষ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে অংশ নিতেই মূলত মেসুত ওজিলের এই ঝটিকা সফর। বুধবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এই প্রকল্পে ঢাবি মেডিকেল সেন্টারকে ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে টিকা। ঢাবি ক্যাম্পাসে ওজিলের উপস্থিতিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। 

জানা গেছে আগামীকাল মেসুত ওজিল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে আসন্ন রমজানে নিপীড়িত মানুষের জীবনযাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি শরণার্থীদের সাথে একটি বিশেষ ইফতারে অংশগ্রহণ করবেন তিনি। এরপর কাল রাতেই বিশেষ বিমানে দেশ ছাড়বেন তারা।

তুর্কি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান ওজিল ২০০৯-১৮ পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন। ২০২৩ সালে তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে খেলার সময় ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৫ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন ওজিল।

AHA
আরও পড়ুন