চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তুরস্ককে। ম্যাচের শুরুতেই করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে প্যারাগুয়ে, আর টানা দ্বিতীয় পরাজয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হয় তুরস্কের।

স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা। তার দ্রুত গোলের পর চাপে পড়ে যায় তুরস্ক। গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালালেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা।
প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে। মিডফিল্ডার মিগুয়েল আলমিরন মুখ ঢেকে তুরস্কের মের্ত মুলদুরকে কিছু বলার পর ভিএআরের সহায়তায় ঘটনা পর্যালোচনা করেন রেফারি। পরে ফিফার নতুন নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। বিশ্বকাপে এই নিয়মে এটিই প্রথম লাল কার্ডের ঘটনা। ফলে পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনের দল নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে।
একজন বেশি খেলোয়াড় নিয়ে মাঠে থেকেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তুরস্ক। ম্যাচজুড়ে তারা ৩২টি শট নিলেও কোনো গোল করতে পারেনি। প্যারাগুয়ের রক্ষণভাগ দৃঢ়তা ও শৃঙ্খলা বজায় রেখে লিড ধরে রাখে এবং গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়।
এর আগে প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০টি শট নিয়েও গোলের দেখা পায়নি তুরস্ক। দুই ম্যাচে মোট ৬২টি শট নিয়েও গোলশূন্য থাকা দলটি শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
অন্যদিকে, গুরুত্বপূর্ণ এই জয়ে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে গেল প্যারাগুয়ে।
হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আচরণকে ‘কালো অধ্যায়’ বললো ইরান
আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা: ইয়ামাল