বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। রোববার (৬ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা ফরোয়ার্ড নেইমার। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
গত ১৭ মে করিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের কাফ মাসলে চোট পান নেইমার। ইনজুরিতে পড়ার পরদিনই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি, যেখানে রাখা হয় এই তারকা ফুটবলারকে।
তবে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর হলো, দলের বাকি সব ফুটবলার শতভাগ ফিট রয়েছেন। তাই মিশরের বিপক্ষে ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েই পরিকল্পনা সাজাচ্ছে সেলেসাওরা। কোচ আনচেলত্তি জানিয়েছেন, জয়ের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে পুরো স্কোয়াডকে খেলার সুযোগ করে দেওয়ার দিকে। তিনি ম্যাচটিতে ২২ জন ফুটবলারকে মাঠে নামানোর ইচ্ছার কথাও জানান।
নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, তার পরিস্থিতি এখন পরিষ্কার। সে একা একাই ভালোভাবে কাজ করছে। সপ্তাহের শেষে তার একটি এমআরআই স্ক্যান করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সে দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবে।
পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি লড়াই হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ ২০১১ সালে একে অপরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও মিশর।
অবশেষে মার্কিন ভিসা পেল ইরানি ফুটবলাররা