ইরানের ভ্রমণ বিধিনিষেধ শিথিলে হোয়াইট হাউসে আলোচনা

আপডেট : ২০ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

বিশ্বকাপে অংশ নেওয়া ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ-সংক্রান্ত কঠোর বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে এ নিয়ে আলোচনা চলছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, ইরান দলকে ম্যাচের একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হয় এবং ম্যাচ শেষ হওয়ার দিনই দেশ ছাড়তে হয়। এই শর্তের কারণে বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য দলগুলোর তুলনায় ইরান বাড়তি চাপে রয়েছে বলে অভিযোগ করে আসছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর ইরানের কোচ আমির গালেনোই দলটিকে টুর্নামেন্টের ‘সবচেয়ে নিপীড়িত’ দল বলেও মন্তব্য করেছিলেন।

এমন পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, ২৭ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে ভ্রমণ ব্যবস্থায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

বিশ্বকাপে ইরানের বেইস ক্যাম্প রয়েছে মেক্সিকোয়। জুলিয়ানির মতে, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত প্রথম দুটি ম্যাচের ক্ষেত্রে বর্তমান বিধিনিষেধ কার্যকর রাখা তুলনামূলকভাবে সহজ ছিল, কারণ যাতায়াতের সময় খুব কম। তবে সিয়াটলের দীর্ঘ বিমানযাত্রা বিবেচনায় নিয়ে নতুন সমাধান খোঁজা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন একটি ভারসাম্য খুঁজছেন, যাতে একদিকে প্রতিযোগিতার ন্যায্যতা বজায় থাকে, অন্যদিকে জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত না হয়।

জুলিয়ানি আরও দাবি করেন, প্রেসিডেন্টের নির্বাহী আদেশের কারণেই ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে এবং দলটি ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসে ম্যাচ খেলেছে।

তবে এই আলোচনা প্রক্রিয়ায় ইরানকে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে ইরানের দাবি, প্রতিটি ম্যাচের অন্তত দুই দিন আগে আয়োজক শহরে পৌঁছানো এবং ম্যাচের পরদিন বেইস ক্যাম্পে ফেরার সুযোগ পাওয়া উচিত। এতে দল কৌশলগত ও শারীরিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে।

ইরান ফুটবল ফেডারেশন মনে করে, বর্তমান বিধিনিষেধ অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার নীতির সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে তারা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর প্রস্তুতিও নিচ্ছে।

গ্রুপ পর্বে ইরানের পরবর্তী ম্যাচ রোববার (২১ জুন) লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে। এরপর ২৭ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের আগেই ভ্রমণ-সংক্রান্ত নিয়মে কোনো পরিবর্তন আসে কি না, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের। সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন