গোলরক্ষকের পারফরম্যান্সে ইকুয়েডরকে রুখে দিলো কুরাসাও

আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:৪৭ এএম

বিশ্বের অন্যতম কম জনসংখ্যার দেশ কুরাসাও ফুটবলের পরাশক্তি লাতিনের দেশ ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে ইতিহাস গড়েছে।

রোববার (২১ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রমের অনবদ্য পারফরম্যান্সে প্রথম পয়েন্টের দেখা পেল দলটি।

পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করেও ইকুয়েডর কুরাসাওয়ের রক্ষণভাগ ও গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ম্যাচের ৭৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ইকুয়েডর মোট ২৬টি শট নেয়, যার মধ্যে ১৫টিই ছিল লক্ষ্য বরাবর। তবে কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম একাই সেই ১৫টি নিশ্চিত গোলের আক্রমণ প্রতিহত (সেভ) করে ইকুয়েডরকে হতাশায় ডুবিয়েছেন। অতিরিক্ত সময় বাদে ১৯৬৬ সালের পর থেকে অনুষ্ঠিত যেকোনো বিশ্বকাপ ম্যাচে এটিই কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড।

অন্যদিকে, ২৫ শতাংশ বল দখলে রাখা কুরাসাও প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ১০টি শট নেয়, যার ৪টি ছিল অন-টার্গেট। তবে কোনো দলই শেষ পর্যন্ত জালের দেখা পায়নি।

নিজেদের প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ইকুয়েডরের জন্য এই ড্র বড় একটি ধাক্কা। আগামী ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে মাঠে নামবে তারা; যেখানে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে জয়ের কোনো বিকল্প নেই লাতিন পরাশক্তিদের। একই দিনে কুরাসাও তাদের শেষ ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে।

SN
আরও পড়ুন