ফের ব্রাজিলের গোলের রেকর্ড স্পর্শ করলো জার্মানি

আপডেট : ২১ জুন ২০২৬, ১০:১২ এএম

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়ে এখন জমে উঠেছে ব্রাজিল ও জার্মানির লড়াই। এক দল রেকর্ড গড়ছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্য দল সেটি স্পর্শ বা ছাপিয়ে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ব্রাজিলের দখলে। তবে এবারের আসরে কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের বড় জয়ে ব্রাজিলের ২৩৮ গোলের রেকর্ড ভেঙে ২৩৯ গোলে পৌঁছে যায় জার্মানি।

তবে সেই শীর্ষস্থান বেশিদিন ধরে রাখতে পারেনি জার্মানরা। ২০ জুন হাইতির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই তিন গোল করে ব্রাজিল নিজেদের মোট গোলসংখ্যা ২৪১-এ উন্নীত করে এবং আবারও এককভাবে শীর্ষে উঠে আসে।

কিন্তু ব্রাজিলের সেই আধিপত্য স্থায়ী হয় মাত্র ২১ ঘণ্টা। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে আরও দুই গোল যোগ করে জার্মানি। ফলে তাদের মোট গোলসংখ্যাও দাঁড়ায় ২৪১, যা ব্রাজিলের সমান।

ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছে ব্রাজিল ও জার্মানি দুই দলেরই গোল ২৪১টি।

অন্য দলগুলো এই লড়াইয়ে বেশ পিছিয়ে। আর্জেন্টিনার গোল ১৫৫, ফ্রান্সের ১৩৯, ইতালির ১২৮ এবং স্পেন ও ইংল্যান্ডের গোলসংখ্যা ১০৮ করে।

বিশ্বকাপের মঞ্চে রেকর্ড ভাঙা-গড়ার এই প্রতিদ্বন্দ্বিতা যে আরও জমে উঠবে, তা বলাই যায়। সামনে ম্যাচ বাড়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ গোলের এই হিসাবেও আসতে পারে নতুন পরিবর্তন।

AM/SN
আরও পড়ুন