কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:৫১ এএম

বিশ্বমঞ্চে রূপকথার নতুন অধ্যায় লিখেছে দক্ষিণ আফ্রিকা। এশিয়ার শক্তিশালী দল দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ‘বাফানা বাফানা’রা।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের বাঁচা-মরার ম্যাচে তাফেলো মাসেকোর একমাত্র গোলে ঐতিহাসিক জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়ে স্বাগতিক মেক্সিকোর সঙ্গে শেষ বত্রিশ নিশ্চিত করেছে আফ্রিকার প্রতিনিধিরা। আগামী ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে নকআউট পর্বে সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে তারা।

অন্যদিকে, ড্র করলেই যেখানে পরের রাউন্ড নিশ্চিত হতো, সেখানে হেরে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ কোরিয়া। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তারা গ্রুপে তৃতীয় হয়েছে। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেরা আটটি তৃতীয় স্থানের দলের একটি হিসেবে শেষ বত্রিশে ওঠার ক্ষীণ সম্ভাবনা এখনও রয়েছে তাদের। এজন্য অন্যান্য গ্রুপের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে সন হিউং-মিনদের।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দ্বিতীয় মিনিটেই কর্নার থেকে কিম মিন-জের হেড গোললাইন থেকে ক্লিয়ার করে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ। এরপর লি কাং-ইনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকাও। ৩০ মিনিটে একাধিক সুযোগ তৈরি করলেও কোরিয়ার গোলরক্ষক সেউং-গিউ দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন। ফলে বিরতিতে গোলশূন্য সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে দক্ষিণ কোরিয়া মাঠে নামায় তাদের সবচেয়ে বড় তারকা সন হিউং-মিনকে। ৬০ মিনিটে ওহ হিয়োঙ্গুর হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।

এর মাত্র তিন মিনিট পরই আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। দ্রুতগতির পাল্টা আক্রমণে বদলি খেলোয়াড় মোরেমির পাস থেকে বল পান তাফেলো মাসেকো। কোরিয়ান ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন তিনি।

গোল হজমের পর সর্বশক্তি দিয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। শেষ ৩০ মিনিট প্রায় পুরোটা সময়ই দক্ষিণ আফ্রিকার অর্ধে খেলা হলেও সমতা ফেরাতে পারেনি তারা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জিনসেওবের সামনে সুবর্ণ সুযোগ এলেও তিনি বলের সংযোগ করতে ব্যর্থ হন। এরপর শেষ বাঁশি বাজতেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে ওঠার আনন্দে ফেটে পড়ে দক্ষিণ আফ্রিকা শিবির।

একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক মেক্সিকো। তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে ৯ পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ দক্ষিণ আফ্রিকা, ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় দক্ষিণ কোরিয়া। আর ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চেক প্রজাতন্ত্র।

AM/YA
আরও পড়ুন