স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখানোর পর এবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কেপ ভার্দে। শক্তিশালী প্রতিপক্ষকে থামানোর চ্যালেঞ্জের পাশাপাশি তাদের অন্যতম বড় লক্ষ্য লিওনেল মেসিকে আটকানো।

তবে দলের সহকারী কোচ হামবের্তো বেত্তেনকোর্ত জানিয়েছেন, কৌশল কেবল মেসিকে কেন্দ্র করে নয়। তার মতে, আর্জেন্টিনা দলগত সমন্বয়ের মাধ্যমেই মেসির জন্য জায়গা তৈরি করে দেয়, তাই তাদের মূল মনোযোগ থাকবে সেই সমন্বয় ভেঙে দেওয়ার দিকে। তিনি বলেন, মেসিকে তারা অবশ্যই অসাধারণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন, তবে পরিকল্পনা পুরো দলকে ঘিরেই।
বেত্তেনকোর্ত আরও জানান, আর্জেন্টিনার খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়াই শেষ পর্যন্ত মেসির জন্য ফাঁকা জায়গা তৈরি করে দেয়, আর সেটিই রোধ করাই তাদের লক্ষ্য। তার ভাষায়, তারা নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে আলাদা করে নয়, বরং পুরো দলগত কাঠামোকেই গুরুত্ব দেন।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে আলোচনায় আসে কেপ ভার্দে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা আরও চমক দেখায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র করে তিনটি ড্র নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে আফ্রিকার এই দলটি।
সহকারী কোচ অবশ্য জানিয়েছেন, প্রতিপক্ষ অনুযায়ী কিছু কৌশলগত পরিবর্তন আনা হলেও নিজেদের খেলায় বড় ধরনের পরিবর্তন আনা হবে না। তার মতে, দলের মূল পরিচয় ও খেলার ধরন বজায় রেখেই তারা এগোতে চায়।

এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে এখন তাদের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার মিয়ামিতে।
সামনে নরওয়ে জুজু! ব্রাজিল কি এবারও হারবে
কার হাতে উঠবে গোল্ডেন বুট, মেসি না এমবাপ্পে
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে মেক্সিকো