ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর আবেগ ধরে রাখতে পারেননি পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে প্রয়াত সতীর্থ দিয়েগো জোটার স্মৃতিকে সামনে এনে তিনি বলেন, এই জয় শুধু ফুটবলের নয়, পুরো দলের জন্যই ছিল একটি আবেগঘন মুহূর্ত।
ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, “আজ আমরা সবাই দিয়েগোকে নিয়ে কথা বলেছি। জীবনের এই কাকতালীয় ঘটনা অবিশ্বাস্য। আজকের পরিস্থিতি আমাকে সত্যিই বিস্মিত করেছে। এই জয় আমাদের জন্য অনেক বড় অর্থ বহন করে।”
তিনি আরও বলেন, “শুধু আমরা জিতেছি বলেই নয়, যেভাবে জিতেছি সেটিও গুরুত্বপূর্ণ। আমরা জানতাম এটি কঠিন ম্যাচ হবে। ক্রোয়েশিয়া একটি দুর্দান্ত দল।”
শেষ বাঁশি বাজার পর রোনালদোকে জোটার ২১ নম্বর জার্সি পরে মাঠে দেখা যায়। এ সময় তিনি সাবেক সতীর্থ লুকা মদ্রিচকে আলিঙ্গন করেন। পরে পুরো পর্তুগাল দল মিলে জোটার ২১ নম্বর জার্সি হাতে একটি স্মারক ছবিও তোলে।
ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল