মেসির স্বাক্ষরিত জার্সি জাতীয় জাদুঘরে, দর্শনার্থীদের ভীড়

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির স্বাক্ষরিত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে স্থান করে নিয়েছে। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া এই ঐতিহাসিক স্মারকটি সরকারি তত্ত্বাবধানে জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। যা এখন দেশের ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ২০২২ সালের কাতার বিশ্বকাপের স্মৃতিবিজড়িত এই জার্সিতে লিওনেল মেসির পাশাপাশি জুলিয়ান আলভারেজ এবং এনজো ফার্নান্দেজের অটোগ্রাফও রয়েছে। বিশেষভাবে ফ্রেমে বাঁধাই করে জাদুঘরের নির্ধারিত প্রদর্শনী কক্ষে সংরক্ষিত এই জার্সি বিশ্ব ফুটবলের ইতিহাসে একটি বিরল ও মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট গুরুত্ব ও নির্দেশনার পর থেকেই জার্সিটি দর্শনার্থীদের জন্য প্রদর্শনীতে রাখা হয়, যা দ্রুতই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীরা, এটি দেখতে জাদুঘরে ভিড় করছেন।

ছুটির দিনগুলোতে এই ভিড় আরও বেড়ে যায়। অনেক দর্শনার্থী পরিবার নিয়ে আসছেন, আবার অনেকেই স্মারকের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও এটি বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি করেছে।দর্শনার্থীদের মতে, প্রধানমন্ত্রী পর্যায়ে এমন একটি বিশ্বকাপজয়ী দলের স্মারক সংরক্ষণ ও প্রদর্শন দেশের ক্রীড়া সংস্কৃতি ও আন্তর্জাতিক ফুটবলের প্রতি আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে।

জার্সিটির ফ্রেমে একটি শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের লোগোও দৃশ্যমান রয়েছে, যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আঞ্চলিক অংশীদার হিসেবে যুক্ত।

জাদুঘর সূত্রে জানা যায়, মেসির স্বাক্ষরিত এই জার্সি এখন জাতীয় জাদুঘরের অন্যতম দর্শনীয় ও আলোচিত প্রদর্শনীতে পরিণত হয়েছে, যা প্রতিদিন নতুন করে দর্শনার্থীদের আগ্রহ সৃষ্টি করছে।

Attr/AHA
আরও পড়ুন