‘কোনো কিছুই অসম্ভব নয়’, ব্রাজিলকে হারিয়ে হালান্ড

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। আর এই ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক আর্লিং হালান্ড। জোড়া গোল করে দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন এই তারকা স্ট্রাইকার।

তবে ম্যাচের আগে ব্রাজিলকে হারানোর কথা নিজেও বিশ্বাস করেননি হালান্ড। বরং সেটিকে প্রায় অসম্ভবই মনে করেছিলেন। ম্যাচ শেষে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে স্বীকার করে নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড বলেন, ‘নরওয়ের প্রতিটি শিশু এখন বিশ্বাস করবে, কোনো কিছুই অসম্ভব নয়।’

নরওয়েজিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হালান্ড বলেন, ‘আমি প্রায় বিশ্বাসই করতে পারছিলাম না। জীবনে কখনো ভাবিনি এমন কিছু ঘটবে। নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলাই ছিল আমার স্বপ্ন। কিন্তু আমরা ব্রাজিলকে হারাব, এটা কখনো কল্পনাও করিনি।’

২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের ভাষায়, এই জয় তাদের ফুটবল-ভাবনায়ও বড় পরিবর্তনের প্রতিফলন। ''সত্যি বলতে আমি মনে করতাম, ফুটবলে কিছু বিষয় অসম্ভব। কিন্তু মনে হচ্ছে আমি ভুল ছিলাম। আমরা বল দখলে রেখে নিজেদের ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। সবচেয়ে বড় কথা, খেলোয়াড় হিসেবে এবং একটি জাতি হিসেবে আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।''

ব্রাজিলকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। এর আগে ১৯৯৮ সালে শেষ ষোলোয় ওঠাই ছিল তাদের বিশ্বকাপের সেরা সাফল্য।

জোড়া গোল করে ম্যাচসেরা হলেও পুরো কৃতিত্ব নিজের নামে নিতে রাজি নন হালান্ড। বরং সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদেরই এই অর্জনের অংশীদার করেছেন তিনি।

ম্যানচেস্টার সিটির এই তারকা বলেন, ''ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করা আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। কিন্তু এই গোলগুলো শুধু আমার নয়। এগুলো আমার সতীর্থদের, যারা নিজেদের সর্বস্ব উজাড় করে খেলেছে। কোচদের, যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। আর সেই সমর্থকদের, যারা কঠিন সময়েও আমাদের পাশে ছিলেন।''

হালান্ডের বিশ্বাস, এই রাতটি নরওয়ের ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ''নরওয়ের প্রতিটি শিশু এখন বিশ্বাস করবে, কোনো কিছুই অসম্ভব নয়। দেশের প্রতিটি ঘরে এই রাতের গল্প বলা হবে। আমরা শুধু ব্রাজিলকে হারাইনি, বরং পুরো জাতিকে এমন একটি স্মৃতি উপহার দিয়েছি, যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখা হবে।''

কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে আপাতত পরের ম্যাচ নয়, ঐতিহাসিক এই জয় উদযাপনেই মনোযোগ দিতে চান হালান্ড।

ম্যানচেস্টার সিটির এই তারকা বলেন, ''এরপর কী হবে, সেটা নিয়ে এখন ভাবছি না। এই অনুভূতি, এই আনন্দ, এই চোখের জল এসব কেউ কখনো আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।''

AM/YA
আরও পড়ুন