মিসরের জন্য বড় সুখবর

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে উঠে ইতিহাস গড়া মিসরকে রেকর্ড পরিমাণ প্রাইজমানি দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টে শেষ ষোলো পর্যন্ত খেলার স্বীকৃতি হিসেবে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) মোট ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার পাবে, যা বিশ্বকাপের একক কোনো আসরে দেশটির সর্বোচ্চ আর্থিক প্রাপ্তি।

বিশ্বকাপে মিসরের যাত্রা শেষ হলেও তাদের পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শেষ ষোলো নিশ্চিত করার পথে দলটি নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট ম্যাচে জয় তুলে নেয়। একই সঙ্গে একটি বিশ্বকাপ আসরে প্রথমবার পাঁচটি ম্যাচ খেলার কীর্তিও গড়ে উত্তর আফ্রিকার দেশটি।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে মিসর। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে শেষ আট নিশ্চিত করলেও মিসরের লড়াকু পারফরম্যান্স ফুটবলবিশ্বে প্রশংসিত হয়।

আক্রমণভাগেও নতুন রেকর্ড গড়েছে মিসর। পুরো টুর্নামেন্টে ৮ গোল করে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে তারা। বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠা দলটি বিশ্বকাপ শেষ করেছে দুটি জয়, দুটি ড্র ও একটি হার নিয়ে।

ফিফার বর্তমান প্রাইজমানি কাঠামো অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য মিসর পেয়েছে ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত করায় বরাদ্দ ১০ মিলিয়ন ডলার এবং শেষ ষোলোতে ওঠার সাফল্যে আরও ৬ মিলিয়ন ডলার যোগ হয়েছে।

সব মিলিয়ে ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রাইজমানি বিশ্বকাপের ইতিহাসে একক কোনো আসর থেকে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ আর্থিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

Attr
আরও পড়ুন