চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফিফা বিশেষ সুবিধা দিচ্ছে এমন গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
স্কালোনির দাবি, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণেই অনেকেই আর্জেন্টিনার হার দেখতে চায়। আর সেই কারণেই দলকে ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে।
শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ের পর থেকেই রেফারিং ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়। মিসরের কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশন কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে ফিফার কাছে অভিযোগও করে। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কি না। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে স্কালোনি বলেন, “আজ থেকে ৪০ বছর আগে, ১৯৮৬ সালেও বলা হয়েছিল আমাদের নাকি বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। তাই এ ধরনের গুঞ্জন আমাদের জন্য নতুন কিছু নয়। আর্জেন্টিনা সবসময়ই বিশ্বমঞ্চে আলোচিত একটি দল।”
ভিএআর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, বিশ্বকাপ শুরুর আগেই রেফারিদের নিয়ম ও ব্যাখ্যা পরিষ্কারভাবে জানানো হয়েছে। আধুনিক ফুটবলে প্রযুক্তির কারণে পক্ষপাতিত্বের সুযোগ অনেক কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিওনেল মেসির পেনাল্টি মিসের বিষয়েও প্রশ্ন করা হয় স্কালোনিকে। মেসির ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, “লিও যদি পেনাল্টি নিতে চায়, তাহলে সে-ই নেবে। আমাদের দলে আরও ভালো পেনাল্টি টেকার আছে, কিন্তু মেসি সিদ্ধান্ত নিলে সেটি সম্মান করা হবে।”
চলতি বিশ্বকাপে মেসি নেওয়া দুটি পেনাল্টিই কাজে লাগাতে পারেননি। তবে স্কালোনির বিশ্বাস, মেসির অভিজ্ঞতা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
মাঠে মেসির স্বাধীন ভূমিকা নিয়েও কথা বলেন স্কালোনি। মিসরের বিপক্ষে ম্যাচে শেষ দিকে ডানপ্রান্তে সরে গিয়ে আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মেসি। কোচ জানান, দলের খেলোয়াড়রা এখন মেসির গতিবিধি বুঝে নিজেদের অবস্থান ঠিক করেন।
চলতি বিশ্বকাপে মেসি ইতোমধ্যে ৪১০ মিনিট মাঠে থেকে ১৫টি গোলের সুযোগ তৈরি করেছেন, করেছেন ৮টি গোল ও ১টি অ্যাসিস্ট। মিসরের বিপক্ষে একটি গোলের পাশাপাশি গুরুত্বপূর্ণ অ্যাসিস্টও ছিল তার।
৩৯ বছর বয়সেও মেসির ফিটনেস নিয়ে কোনো শঙ্কা দেখছেন না স্কালোনি। তার ভাষ্য, “লিও আগের মতোই মাঠে দৌড়ায়। পার্থক্য হলো, এখন তার প্রতিটি মুভমেন্ট আরও কার্যকর ও ধারালো।”
কোয়ার্টার ফাইনালের আগে দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট স্কালোনি। তিনি মনে করেন, কঠিন পরিস্থিতিতেও আর্জেন্টিনা নিজেদের মান ধরে রেখেছে এবং শিরোপা ধরে রাখার লক্ষ্যে আত্মবিশ্বাসী রয়েছে।
হালান্ডকে কী থামাতে পারবে ইংল্যান্ড?
ম্যাচ থেকে তুলে নেওয়ার কারণ জানালেন কোর্তোয়া
ভয় আমাদের নয়, ফ্রান্সেরই পাওয়া উচিত : হুঙ্কার ইয়ামালের
সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়বে স্পেন