সেমিফাইনাল ম্যাচের আগে কেইনের বিশেষ বার্তা

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বলেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত তার দল।

বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দলের শেষ অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশ করেন কেইন। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত।’

আর্জেন্টিনাকে হারাতে পারলে ১৯৬৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে ইংল্যান্ড। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচের বিজয়ী আগামী রোববারের ফাইনালে মুখোমুখি হবে স্পেনের, যারা প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী লড়াই নিশ্চিত করেছে।

এদিকে ইংল্যান্ড শিবিরে স্বস্তির খবর, মিডফিল্ডার ডেকলান রাইস পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন। শেষ ষোলোতে খেলার পর পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাত্র ৪৫ মিনিট খেলতে পেরেছিলেন।

ইংল্যান্ড কোচ টমাস টুখেল জানান, রাইস এখন সম্পূর্ণ সুস্থ এবং দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলন করেছেন। ফলে আর্জেন্টিনার বিপক্ষে শুরু থেকেই মাঠে নামার জন্য তিনি প্রস্তুত।

নরওয়ের বিপক্ষে ম্যাচের পর টুখেল বলেছিলেন, রাইস খেলতে চাইলেও ভবিষ্যতের কথা ভেবে তাকে তুলে নেওয়া হয়েছিল। কোচের ভাষায়, অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে বদলি খেলোয়াড় ব্যবহারে ভারসাম্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল।

বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য সামনে রেখে এখন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়ই ইংল্যান্ড শিবিরে সবচেয়ে বড় বার্তা। সূত্র: এনডিটিভি

AS
আরও পড়ুন