আর্জেন্টিনার দুই সমর্থক গোষ্ঠীর সংঘর্ষ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের আটলান্টায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাঠের লড়াই শুরুর কয়েক ঘণ্টা আগে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন আর্জেন্টিনার দুই ঐতিহ্যবাহী ক্লাব সান লরেনৎসো ও হুরাকানের সমর্থকেরা।

বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) রাত ১টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে আর্জেন্টিনার পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘদিনের বৈরিতার জেরে আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে তা প্রকাশ্যে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হুরাকান সমর্থকদের প্লাজা হোসে সি. পাস শাখার সদস্য এবং সেবাস্তিয়ান পেরোনের নেতৃত্বাধীন ‘পাগোলা’ গ্রুপের বিরুদ্ধে সংঘর্ষে উসকানির অভিযোগ উঠেছে। অন্যদিকে, সান লরেনৎসোর বিতর্কিত সমর্থকগোষ্ঠী ‘লা বুত্তেলের’ সদস্যরাও এতে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে। স্টেডিয়ামে দুই পক্ষের জন্য আলাদা গ্যালারি বরাদ্দ থাকলেও শহরের বাইরে সংঘর্ষ এড়ানো যায়নি।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঐতিহাসিক ও রাজনৈতিক কারণেই বিশেষ গুরুত্ব বহন করে। এর আগে সমর্থকদের এই সংঘর্ষকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আটলান্টা পুলিশ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আর্জেন্টিনা সরকারও।

এদিকে ম্যাচের আগে আবহাওয়াও নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রসহ ঝড় এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ফলে দর্শক ও ম্যাচ পরিচালনা নির্বিঘ্ন রাখতে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন আয়োজকেরা।

ইতিহাসও আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। এর আগে পাঁচবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেই প্রতিবার ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। এবার ষষ্ঠবারের মতো সেই রেকর্ড ধরে রাখার লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। তবে মাঠের বাইরের সহিংসতা ও অনিশ্চিত আবহাওয়া ম্যাচটিকে বাড়তি আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।

AS
আরও পড়ুন