জলবায়ু পরিবর্তনের প্রভাব এবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কানাডার চলমান দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এলাকা ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে, যেখানে আগামী রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপ ফাইনাল।
নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট জুড়ে বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে বলে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আকাশজুড়ে ধোঁয়ার আস্তরণ ও দৃশ্যমানতা কমে যাওয়ায় বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উদ্বেগ তৈরি হয়েছে।
উচ্চ তাপমাত্রার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় খোলা পরিবেশে থাকলে শ্বাসকষ্ট ও হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং আগে থেকে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ভোগা মানুষের বাইরে যাওয়া সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ বাসিন্দাদের অপ্রয়োজনীয় কঠোর শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে, সম্ভব হলে ঘরের ভেতরে অবস্থান করতে এবং জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তে একটি শীতল বায়ুপ্রবাহ ধোঁয়ার ঘনত্ব অনেকটাই কমিয়ে দিতে পারে। তবে ধোঁয়াচ্ছন্ন ও গরম আবহাওয়া যদি স্থায়ী হয়, তাহলে তা খেলোয়াড়দের জন্যও চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বিশ্বকাপ ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে আরও প্রায় ৫০ হাজার সমর্থক বড় পর্দায় ম্যাচ দেখার জন্য জড়ো হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দূষিত বাতাসের মধ্যে খেলতে হলে ফুটবলারদের জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন হবে। পর্যাপ্ত পানি গ্রহণ, শরীর ঠান্ডা রাখা এবং খেলার সময় নিয়মিত পর্যবেক্ষণের মতো ব্যবস্থা নিতে হতে পারে। জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব এখন শুধু পরিবেশেই নয়, বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আয়োজনের প্রস্তুতিতেও স্পষ্ট হয়ে উঠছে। সূত্র: মার্কা
যেভাবে ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি
মাঠে ইয়ামাল গ্যালারিতে কেইন, বিশ্বকাপে দুই ভাইয়ের জাদু
কেন খেলা হয় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ