বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম ছাড়ালো অর্ধকোটি টাকা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে টিকিটের বাজারেও। ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত এই ম্যাচকে ঘিরে সমর্থকদের আগ্রহ এতটাই তুঙ্গে উঠেছে যে, ফাইনালের একটি বিশেষ হসপিটালিটি টিকিটের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৭৪ লাখ টাকা।

বিশ্বকাপ শুরুর আগ থেকেই টিকিটের উচ্চমূল্য নিয়ে আলোচনা ছিল। তবে ফাইনাল ঘিরে শেষ মুহূর্তে সেই দাম আরও কয়েক গুণ বেড়ে গেছে। বর্তমানে ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ১০ হাজার থেকে ৬০ হাজার ডলারের মধ্যে।

শনিবার (১৮ জুলাই) ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ওই ক্যাটাগরির সব টিকিট বিক্রি হয়ে যায়।

এরপর সবচেয়ে কম দামের টিকিটের মূল্যও বেড়ে দাঁড়ায় প্রায় ১০ হাজার ডলারে। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

মাঠের কাছাকাছি আসনের জন্য সমর্থকদের গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। আর সবচেয়ে বিলাসবহুল হসপিটালিটি প্যাকেজের টিকিটের মূল্য উঠেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা।

টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোতেও একই চিত্র দেখা গেছে। সিটগিক ও স্টাবহাবে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে। কিছু লোয়ার বোল আসনের মূল্য পৌঁছেছে প্রায় ৩৫ হাজার ডলারে।

মেসি-ইয়ামালের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা

এবারের ফাইনালকে ঘিরে সমর্থকদের আগ্রহের অন্যতম কারণ বিশ্বকাপের মঞ্চে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রজন্মের দুই তারকা, লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একই সঙ্গে এটি মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ হওয়ায় ফাইনালের গুরুত্ব আরও বেড়ে গেছে।

আর্জেন্টিনা এই ম্যাচে নামবে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে। পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগও রয়েছে তাদের সামনে। এর আগে ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার বিশ্বকাপ জিতেছিল।

অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা মেসি এখন পর্যন্ত করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।

ফাইনালের মঞ্চে পূর্ণ হচ্ছে প্রতীক্ষিত লড়াই

বিশ্বকাপের আগে গত মার্চে কোপা আমেরিয়া চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফিনালিসিমা আয়োজনের কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়।

অপেক্ষার সেই লড়াই শেষ পর্যন্ত হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে বিশ্বকাপ ফাইনালে। আর সেই কারণেই ইতিহাস, তারকা উপস্থিতি ও শিরোপার স্বপ্ন সব মিলিয়ে এবারের ফাইনালকে ঘিরে তৈরি হয়েছে অন্যরকম উন্মাদনা।

AM/SN
আরও পড়ুন