আমার বিশ্বাস, সে বিশ্বচ্যাম্পিয়ন হবে: পিকে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

বিশ্বকাপের ফাইনালের মঞ্চে মুখোমুখি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। শিরোপার এই মহারণের আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে। তবে একই সঙ্গে স্বীকার করেছেন, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে থামানো ফুটবলের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি।

ইএসপিএন সেন্ট্রোআমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন, অল্প বয়সেই ইয়ামাল যে পরিণত মানসিকতা ও অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন, তা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বড় মঞ্চে নিজের সেরাটা দেওয়ার সামর্থ্যও এই তরুণের রয়েছে।

পিকে বলেন, 'আমার বিশ্বাস, সে সত্যিই একজন বিশেষ এবং অনন্য প্রতিভা। আশা করি, রোববার সে বিশ্বচ্যাম্পিয়ন হবে।'

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে উঠে আসা ইয়ামালকে নিয়ে আশাবাদী পিকে মনে করেন, ফাইনালের মতো বড় ম্যাচেও নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন এই তরুণ।

একসময় বার্সেলোনায় মেসির সতীর্থ থাকা পিকে আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায়ও ছিলেন পঞ্চমুখ। তাঁর মতে, মেসিকে শুধুমাত্র কৌশল দিয়ে থামানো প্রায় অসম্ভব।

পিকে বলেন, 'সে অসাধারণ। তাকে একজন, দুজন কিংবা তিনজন খেলোয়াড় দিয়ে মার্কিং করলেও সে ঠিকই প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজে বের করবে।'

তিনি আরও বলেন, কখনো নিখুঁত পাস, কখনো গোল, আবার কখনো সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে মেসি প্রতিটি ম্যাচেই পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। পিকে বলেন, 'সে সবসময়ই নিজের দলের জন্য বিশেষ কিছু করে দেখায়।'

দলগত শক্তির ওপর আস্থা পিকের

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাজেরও প্রশংসা করেছেন পিকে। তাঁর মতে, দলের প্রতিটি পজিশনে সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে সফল হয়েছেন এই কোচ।

বিশেষ করে অ্যালেক্স বায়েনার পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। যদিও টুর্নামেন্টের শুরুতে পেদ্রিকে বেঞ্চে দেখে কিছুটা বিস্মিত হয়েছিলেন বলেও জানান সাবেক এই ডিফেন্ডার।

পিকের মতে, বিশ্বকাপের মতো ছোট পরিসরের টুর্নামেন্টে শুধু বড় তারকারাই নয়, যেকোনো খেলোয়াড়ই হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক।

তিনি বলেন, 'বিশ্বকাপ কোনো একক খেলোয়াড় জেতে না, জেতে পুরো দল। এমন টুর্নামেন্টে যেকোনো ফুটবলারই গুরুত্বপূর্ণ মুহূর্তে নায়ক হয়ে উঠতে পারে।'

রোববার (১৯জুলাই)-এর ফাইনালে তাই তরুণ ইয়ামালের নেতৃত্বে স্পেনের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারানোর বাস্তব সুযোগ দেখছেন পিকে। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন মেসির মতো একজন খেলোয়াড় মাঠে থাকলে ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে যেকোনো মুহূর্তে।

AM/SN
আরও পড়ুন