নিউইয়র্কে মিলেমিশে একাকার লিটল বাংলাদেশ লিটল আর্জেন্টিনা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে নিউইয়র্কে উৎসবের আবহ তৈরি করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। তবে সেই উন্মাদনা শুধু আর্জেন্টাইন প্রবাসীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, শহরের বাংলাদেশি সম্প্রদায়ের বড় অংশও কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানাচ্ছেন লিওনেল মেসিদের।

নিউইয়র্কের কুইন্সের এলমহার্স্ট এলাকা, যা ‘লিটল আর্জেন্টিনা’ নামে পরিচিত, সেখানে সড়ক, ফুটপাত, দোকানপাট এমনকি ফায়ার হাইড্র্যান্টও রাঙানো হয়েছে আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে। বিশ্বকাপ এলেই এলাকাটি যেন ছোট্ট এক বুয়েনোস আইরেসে পরিণত হয়।

রিও দে লা প্লাতা বেকারির মালিক ক্রিশ্চিয়ান গিমেনেজ বলেন, একসময় পুরো এলাকাজুড়ে আর্জেন্টাইনদের বসতি ছিল। এখন সেই সংখ্যা কমে গেলেও বিশ্বকাপ এলেই সবাই একত্রিত হন নিজেদের ঐতিহ্য ধরে রাখতে।

তার ভাষায়, ‘বিশ্বকাপ আসে চার বছর পরপর, কিন্তু মেসি আর ম্যারাডোনার প্রতি ভালোবাসা সারাবছরই থাকে।’

৭৪ বছর বয়সী বিয়াত্রিস হাইমে স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর নিউইয়র্কের রাস্তায় হাজারো মানুষের উদযাপন তিনি নিজের চোখে দেখেছেন। এখনও জাতীয় দলের প্রতি সেই আবেগ একটুও কমেনি।

অন্যদিকে ব্রুকলিনের কেনসিংটন এলাকা, যা এখন ‘লিটল বাংলাদেশ’ নামে পরিচিত, সেখানেও বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনার সমর্থনে চলছে উৎসব। স্থানীয় বাংলাদেশিরা বড় পর্দায় একসঙ্গে ম্যাচ দেখার আয়োজন করছেন, দোকানপাটে টাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকা।

দীর্ঘ ৩৬ বছর ধরে এলাকায় বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে, আর আর্জেন্টিনাও বাংলাদেশকে ভালোবাসে।’

তার মতে, ম্যাচের দিন আবহাওয়া ভালো থাকলে খোলা জায়গায় বড় পর্দায় খেলা দেখা হয়। আর বৃষ্টি হলে তার দোকানই হয়ে ওঠে আর্জেন্টিনা সমর্থকদের মিলনকেন্দ্র।

৩১ বছর বয়সী বাংলাদেশি সমর্থক সাজিদ ভূঁইয়া বলেন, ‘এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ ফাইনাল। তাই সবাই খেলা দেখবে। আমাদের এলাকায় ৯০ শতাংশ মানুষই আর্জেন্টিনাকে সমর্থন করে।’

তিনি আরও বলেন, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তনের সময় উত্তেজনায় তিনি কয়েক মিনিট কথাই বলতে পারেননি। তাই ফাইনালেও এমন কিছু ঘটলে সেটি উদযাপন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগেই নিউইয়র্কের দুই ভিন্ন সম্প্রদায়ের এই যৌথ সমর্থন বিশ্বকাপ উন্মাদনায় যোগ করেছে ভিন্ন মাত্রা। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন