বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি ৫৫ দেশের

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০ এএম

ফিফা যদি বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যায়, তাহলে বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

এ সিদ্ধান্ত এসেছে উয়েফার ৫৫টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক থেকে। 

এর আগেও দুটি পৃথক বিবৃতিতে ফিফার এই উদ্যোগের কড়া সমালোচনা করেছিল উয়েফা। সর্বশেষ জরুরি বৈঠকের পর সংস্থাটি আবারও জানিয়েছে, সদস্য দেশগুলোর সর্বসম্মত মতামতের ভিত্তিতে তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করছে।

উয়েফার ঘোষণা অনুযায়ী, ফিফার সদস্য দেশগুলো ভোটের মাধ্যমে পরিকল্পনাটি অনুমোদন করলে পুরুষ ও নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ ফিফার সব বড় টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত কার্যকর করা হবে।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিন। বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ৫৫টি সদস্য সংস্থাই একই অবস্থানে রয়েছে।

উয়েফা বলছে, বিশ্বকাপ এবং ফিফার অন্যান্য প্রতিযোগিতার মালিকানার অংশ কোনো বেসরকারি বিনিয়োগকারীর কাছে হস্তান্তরের প্রস্তাব তারা স্পষ্টভাবে এবং সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে।

সংস্থাটির মতে, বিশ্বকাপ কেবল একটি বাণিজ্যিক সম্পদ নয়; এটি ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী আসর, যা দীর্ঘদিন ধরে খেলোয়াড়, জাতীয় দল ও কোটি কোটি সমর্থকের অবদানে গড়ে উঠেছে।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও উয়েফার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে তারা একমত এবং ফিফার এই পরিকল্পনার বিরোধিতা করছেন।

তিনি বলেন, "বিশ্বকাপ ফুটবলের সম্পদ এবং এটি সবসময় ফুটবলেরই থাকবে।"

ফিফার মোট সদস্যসংখ্যা ২১১ হলেও উয়েফার সদস্য ৫৫টি। তবে বিশ্বের অধিকাংশ শক্তিশালী ফুটবল জাতি ইউরোপের হওয়ায় তাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ইতোমধ্যে ২১১টি সদস্য দেশের কাছে চিঠি পাঠিয়ে এই পরিকল্পনার পক্ষে সমর্থন চেয়েছেন। তাঁর বক্তব্য, পরিকল্পনাটি অনুমোদিত হলে প্রতিটি সদস্য সংস্থা আর্থিকভাবে লাভবান হবে।

ফিফার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল এফএফই-এর সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিতে পারে।

ভেঞ্চার ক্যাপিটাল খাতে কার্যরত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জোশুয়া কুশনার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।

ফিফা সূত্রের ভাষ্য, ইনফান্তিনো কিংবা অন্য কাউকে এফএফই-এর প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

উয়েফার অভিযোগ, ফিফার এই উদ্যোগ ফুটবলের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে।

এখন ফিফার ২১১টি সদস্য দেশের ভোটের ওপর নির্ভর করছে পরিকল্পনাটি অনুমোদন পাবে কি না। একই সঙ্গে সেই ভোটের ফলই নির্ধারণ করবে উয়েফার ঘোষিত বয়কট কার্যকর হবে কিনা।

Maz/YA
আরও পড়ুন