মাঠে থুতু কাণ্ড: ইসরায়েল-আয়ারল্যান্ড ম্যাচে চরম উত্তেজনা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম

উয়েফা নেশনস লিগের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে থুতু নিক্ষেপের ঘটনার মধ্য দিয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ড দলের ওপর ইসরায়েল অনুচিত মানসিক চাপ ও ভয় দেখানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন আইরিশ প্রধান কোচ হেইমির হলগ্রিমসন।

সার্বিয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচটিতে প্রথমার্ধের বিরতির সময়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডা ঘটে। আইরিশ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আয়ারল্যান্ডের পারফরম্যান্স প্রধান ড্যামিয়েন ডয়েল অভিযোগ করেছেন যে ইসরায়েলের এক খেলোয়াড় তার দিকে থুতু ছিটিয়েছেন।

ম্যাচের টেলিভিশন ফুটেজে দেখা যায়, খেলোয়াড়রা যখন ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন, তখন একজন চিৎকার করে বলছেন— "সে আমার গায়ে থুতু ফেলেছে।"

ঘটনা সম্পর্কে জানতে চাইলে সংবাদমাধ্যম 'অফ দ্য বল'-কে আইরিশ কোচ হলগ্রিমসন বলেন, "আমি এই বিতর্কে জড়াতে চাই না। তবে বিগত দুটি ম্যাচ ধরেই পরিবেশ এমন উত্তপ্ত। এটি অত্যন্ত আবেগঘন ও উত্তেজনাকর একটি পরিস্থিতি ছিল।"

তিনি আরও যোগ করেন, "কারো গায়ে থুতু ফেলার একটি অভিযোগ উঠেছে, তবে আমি নিজে ঘটনাটি দেখিনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ম্যাচের প্রথম বাঁশি থেকেই প্রতিপক্ষ আমাদের মানসিকভাবে কোণঠাসা ও ভয় দেখানোর চেষ্টা করেছিল। তবে নিজেদের ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য আমি আমার খেলোয়াড়দের কৃতিত্ব দেব।"

অন্যদিকে, বিরতির সময়ের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে ইসরায়েলের প্রধান কোচ রান বেন-শিমন দাবি করেন, তিনি সে সময় নিজের কক্ষে স্টাফদের সঙ্গে ছিলেন এবং এ বিষয়ে কিছু দেখেননি। পরে বিষয়টি খতিয়ে দেখে মন্তব্য করবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তোপ ও বর্ণবাদের পাল্টা অভিযোগ

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড কোচের ওপর ইসরায়েলি সাংবাদিকদের মৌখিক আক্রমণের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। হাঙ্গেরিতে অনুষ্ঠিত আগের ম্যাচে ৩-০ গোলে জেতার পর আইরিশ খেলোয়াড়দের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে প্রশ্ন করেন এক ইসরায়েলি সাংবাদিক। আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) সঙ্গে সঙ্গেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন শেষ করে।

এর আগে আয়ারল্যান্ডের ফরোয়ার্ড অ্যাডাম ইদাহ ইসরায়েলি দর্শকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে তদন্ত শুরু করে এফএআই। আইরিশ মিডফিল্ডার জেসন মলুম্বি গ্যালারি থেকে আসা বর্ণবাদী মন্তব্যের বিষয়ে ম্যাচ অফিসিয়ালদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

ইজরায়েল-গাজা চলমান যুদ্ধের কারণে আয়ারল্যান্ডে ম্যাচটি বয়কটের তীব্র দাবি উঠেছিল। তবে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ দুটি খেলার সিদ্ধান্ত নেয়। ম্যাচ শুরুর আগে কোনো দল আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় করেনি এবং ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজার সময় আইরিশ খেলোয়াড়রা মাথা নিচু করে প্রতিবাদ জানান।

সূত্র: বিবিসি

ওয়াইএ
আরও পড়ুন