নতুন দামে বিক্রি হচ্ছে সোনার ভরি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা (ভ্যাটসহ)।

স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবী স্বর্ণের দর কমে যাওয়ায় দেশের বাজারেও এই মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সার্বিক বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দর ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দর কমলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার বাজার দর। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের দর ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার মূল্য নির্ধারণ করা রয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।

ওয়াইএ
আরও পড়ুন